দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে প্রশাসন। এখন থেকে পর্যটকদের ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার করে সাদাপাথরে যাতায়াত করতে হবে। বাংলাদেশ-ভারত সীমান্তঘেঁষা ঝুঁকিপূর্ণ সড়কপথ ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সীমান্ত এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধ এবং অবৈধ চলাচল বন্ধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে সম্প্রতি একটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
গত বৃহস্পতিবার কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়। সেখানে পর্যটকদের ভোলাগঞ্জ ১০ নম্বর ঘাট ব্যবহার করার আহ্বান জানানো হয়েছে এবং কালাইরাগ হয়ে সীমান্তবর্তী পথ ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে সাদাপাথর নৌকাঘাটের ইজারাদাররাও একটি সংবাদ সম্মেলন করে নতুন নির্দেশনার প্রতি সমর্থন জানিয়েছেন। তারা বলেন, ইজারার শর্ত অনুযায়ী ঘাটটি সুষ্ঠু, স্বচ্ছ ও নিরাপদভাবে পরিচালনা করা হচ্ছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইজারাদারদের দাবি, সম্প্রতি অনেক পর্যটক কালাইরাগ হয়ে সীমান্তঘেঁষা বিকল্প পথ ব্যবহার করে সাদাপাথরে প্রবেশ করছেন। তবে ওই পথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং নিরাপত্তাহীন। সীমান্তের খুব কাছাকাছি হওয়ায় অসাবধানতাবশত আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের আশঙ্কা থাকে। পাশাপাশি মানবপাচারসহ বিভিন্ন অপরাধের ঝুঁকিও রয়েছে।
এসব বিষয় বিবেচনায় নিয়ে বিকল্প পথটি বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটকদের নির্ধারিত নৌপথ ব্যবহারে উৎসাহিত করা হচ্ছে।
সাদাপাথর ঘাটের ইজারাদার মো. লিলু অভিযোগ করেন, একটি মহল সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু অনলাইন প্ল্যাটফর্মে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ঘাট ব্যবস্থাপনাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তিনি বলেন, পর্যটকদের জীবনের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাই সবাইকে সরকারি নির্দেশনা মেনে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার করার আহ্বান জানান তিনি।
স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টরা মনে করছেন, নির্ধারিত নৌপথ ব্যবহার নিশ্চিত করা গেলে সীমান্ত এলাকায় দুর্ঘটনা, আইনশৃঙ্খলাজনিত ঝুঁকি এবং অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে আসবে। সে কারণে সাদাপাথরে ভ্রমণে আসা সকল পর্যটককে সরকারি নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

