দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
গাজা সিটিতে ইসরাইলি ড্রোন হামলায় আল জাজিরা মুবারশারের সংবাদদাতা মোহাম্মদ উইশাহ নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) উপকূলীয় আল রশিদ সড়কে একটি গাড়িতে ভ্রমণের সময় হামলার শিকার হন তিনি। হামলার পর গাড়িটি আগুনে পুড়ে যায় বলে জানিয়েছে আল জাজিরা।
আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এটি আন্তর্জাতিক আইন ও সাংবাদিক নিরাপত্তার মৌলিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন। তাদের দাবি, উইশাহকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে, যা সাংবাদিকদের ভয় দেখানো এবং তথ্যপ্রবাহ বন্ধ করার প্রচেষ্টার অংশ।
গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা সংঘাতে এখন পর্যন্ত অন্তত ২৬২ জন সাংবাদিক ইসরাইলি হামলায় নিহত হয়েছেন। সংস্থাটি এই ঘটনাকে ফিলিস্তিনি সাংবাদিকদের বিরুদ্ধে ‘পদ্ধতিগত লক্ষ্যবস্তু বানানোর’ ধারাবাহিকতা হিসেবে উল্লেখ করেছে।
গাজা সিটি থেকে আল জাজিরার প্রতিবেদক ইব্রাহিম আল খালিলি বলেন, প্রধান সড়কে চলাচলের সময় একজন সাংবাদিক নিহত হওয়া ইঙ্গিত দেয় যে যুদ্ধবিরতি কার্যকর থাকলেও বাস্তবে হামলা অব্যাহত রয়েছে। গাজা কর্তৃপক্ষের দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও প্রায় দুই হাজারবার তা লঙ্ঘন করা হয়েছে।
আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনগুলোকে এই হত্যাকাণ্ডের নিন্দা জানানো এবং দায়ীদের আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে গাজার মিডিয়া অফিস। একই সঙ্গে সংঘাতপূর্ণ এলাকায় কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বৈশ্বিক চাপ বাড়ানোর দাবি জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান সংঘাতে এ পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ নিহত এবং ১ লাখ ৭১ হাজারের বেশি আহত হয়েছেন। যুদ্ধবিরতির পরও শত শত মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
সূত্র: আল জাজিরা
