লোড হচ্ছে...
লোড হচ্ছে...

প্রিপেইড মিটারে মাসিক চার্জ বাতিলের ঘোষণা: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী

প্রকাশিত: 29 মার্চ 2026

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক ভাড়া বা মিটার চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দীর্ঘদিন ধরে গ্রাহকদের অভিযোগ ও অসন্তোষের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

রোববার ২৯ মার্চ রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, প্রিপেইড মিটার ব্যবস্থায় মাসিক চার্জ নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ ছিল। বিষয়টি পর্যালোচনা করে গ্রাহকবান্ধব বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সরকার দ্রুত এই চার্জ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। তিনি জানান, সিদ্ধান্তটি শিগগিরই কার্যকর করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া চলছে।

বর্তমানে দেশের বিভিন্ন শহর ও পৌর এলাকায় প্রিপেইড মিটার ব্যবহারকারী গ্রাহকদের প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ মিটার ভাড়া হিসেবে পরিশোধ করতে হয়। বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ ছিল, মিটার স্থাপনের খরচ আদায় হয়ে যাওয়ার পরও দীর্ঘ সময় ধরে ভাড়া নেওয়া হচ্ছে যা অতিরিক্ত আর্থিক চাপ তৈরি করছে।

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, স্মার্ট ও প্রিপেইড মিটার ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ বিল আদায়ে স্বচ্ছতা ও অপচয় কমানোর লক্ষ্য নিয়ে গত এক দশকে ধাপে ধাপে এই ব্যবস্থা চালু করা হয়। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড এবং বিতরণ কোম্পানিগুলো নগর এলাকায় প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম সম্প্রসারণ করে আসছে।

জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, মাসিক চার্জ বাতিল হলে গ্রাহকদের ব্যয় কিছুটা কমবে এবং প্রিপেইড মিটার নিয়ে বিদ্যমান অসন্তোষ হ্রাস পেতে পারে। একই সঙ্গে সরকারের জন্য গ্রাহক আস্থাও বাড়বে বলে মনে করছেন তারা।

বিদ্যুৎ খাতে ডিজিটাল ব্যবস্থাপনা চালুর পরও অতিরিক্ত চার্জ নিয়ে জনঅসন্তোষ তৈরি হয়েছিল। মাসিক চার্জ প্রত্যাহার সিদ্ধান্ত গ্রাহকবান্ধব নীতির অংশ হলেও ভবিষ্যতে সেবার মান ও স্বচ্ছতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman