লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নাইজারের প্রধান বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

প্রকাশিত: 19 জুন 2026

25 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজার–এর রাজধানী নিয়ামে–তে অবস্থিত ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর–এ সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে সংঘটিত এ হামলায় নিহতদের মধ্যে ১১ জন নিরাপত্তা বাহিনীর সদস্য, ২ জন বেসামরিক নাগরিক এবং ২২ জন হামলাকারী রয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র ব্যক্তিরা বিমানবন্দর ও সংলগ্ন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ সময় গোলাগুলির পর হামলাটি প্রতিহত করা হয়। অভিযানের সময় ২০ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে এবং অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ও ভারী গোলাগুলির শব্দ শোনা যায়। হামলার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার মধ্যেই বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু করা হয়।

এটি চলতি বছরের মধ্যে বিমানবন্দরটিতে দ্বিতীয় বড় হামলা। গত জানুয়ারিতেও একই স্থাপনায় হামলার ঘটনা ঘটেছিল, যার দায় পরে ইসলামিক স্টেট–সংশ্লিষ্ট একটি গোষ্ঠী স্বীকার করে। এবারের হামলার দায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো সংগঠন স্বীকার করেনি। তবে নাইজারের নিরাপত্তা পরিস্থিতি এবং সাহেল অঞ্চলে সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে ঘটনাটি নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্লেষকদের মতে, ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর কেবল একটি বেসামরিক বিমানবন্দর নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক কেন্দ্রও। ফলে এটি দীর্ঘদিন ধরেই সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হয়ে আসছে।

 

সূত্র: Reuters, Associated Press (AP)

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman