দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ফিফা র্যাংকিংয়ে কোনো পরিবর্তন হয়নি বাংলাদেশের অবস্থানে। সোমবার ২২ ডিসেম্বর বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা প্রকাশিত সর্বশেষ র্যাংকিংয়ে আগের মতোই ১৮০তম স্থানে রয়েছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।
গত ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবলের কোনো ফিফা উইন্ডো না থাকায় ডিসেম্বরের র্যাংকিংয়ে বড় কোনো পরিবর্তন আসেনি। ম্যাচ না থাকায় শুধু বাংলাদেশ নয়, র্যাংকিংয়ের শীর্ষস্থানগুলোও অপরিবর্তিত রয়েছে। তালিকায় প্রথম স্থানে রয়েছে স্পেন, দ্বিতীয় আর্জেন্টিনা, তৃতীয় ফ্রান্স, চতুর্থ ইংল্যান্ড এবং পঞ্চম স্থানে ব্রাজিল।
তবে অবস্থান একই থাকলেও বাংলাদেশের রেটিং পয়েন্টে সামান্য অবনতি হয়েছে। নভেম্বর র্যাংকিংয়ে বাংলাদেশের পয়েন্ট ছিল ৯১১ দশমিক ১৯। ডিসেম্বর আপডেটে তা কমে দাঁড়িয়েছে ৯১১ দশমিক ১০। ১৭৯তম স্থানে থাকা কম্বোডিয়ার পয়েন্ট ৯১১ দশমিক ৫৪, ফলে তাদের সঙ্গে ব্যবধান আরও ঘুচে এসেছে।
উল্লেখ্য, গত নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ের আগে নেপালের বিপক্ষে একটি ম্যাচ খেলেছিল বাংলাদেশ। হামজা চৌধুরী ও সামিত সোমকে নিয়ে সেই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। তবে ফিফা নভেম্বর মাসের র্যাংকিংয়ে বাংলাদেশ নেপাল ম্যাচটি অন্তর্ভুক্ত করেনি। বিষয়টি বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফা ও এএফসিকে জানালে দুই সংস্থাই ডিসেম্বর র্যাংকিংয়ে সমন্বয়ের আশ্বাস দেয়।
ফুটবল সংশ্লিষ্টরা মনে করছেন, সামনে আন্তর্জাতিক ম্যাচে ভালো ফল আসলে র্যাংকিংয়ে উন্নতির সুযোগ রয়েছে বাংলাদেশের।
