দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক আকাশপথে তৈরি হওয়া ফ্লাইট বিপর্যয়ের মধ্যে যাত্রীদের অপতথ্য থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা।
মঙ্গলবার ঢাকায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, উদ্ভূত পরিস্থিতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনানুষ্ঠানিক সূত্রে ছড়ানো ভুল তথ্য যাত্রীদের বিভ্রান্ত করছে। তাই সংশ্লিষ্ট সবাইকে যাচাইকৃত তথ্য প্রচারে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।
মন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ থাকায় ফ্লাইট শিডিউল ব্যাপকভাবে বিঘ্নিত হয়েছে। বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের পাশাপাশি সৌদি আরবের দাম্মাম রুটেও ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে স্থগিত রয়েছে। ফলে অনেক যাত্রী অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
তিনি নির্দেশনা দেন, এয়ারলাইন্সগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে এবং সঠিক ও হালনাগাদ তথ্য সরবরাহ নিশ্চিত করতে হবে। প্রয়োজনে ২৪ ঘণ্টার জরুরি হটলাইন চালু রাখার কথাও বলা হয়েছে। একই সঙ্গে কোনো অতিরিক্ত চার্জ আরোপ না করে মানবিক বিবেচনায় যাত্রীসেবা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
সভায় আরও সিদ্ধান্ত হয়, যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা শেষ হওয়ার পথে, পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের অগ্রাধিকার দিয়ে পরিবহনের ব্যবস্থা করা হবে। আকাশপথ খুলে গেলে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার মাধ্যমেও আটকে পড়া যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি দীর্ঘায়িত হলে দক্ষিণ এশিয়ার শ্রমবাজার নির্ভর বিমান চলাচলে চাপ আরও বাড়তে পারে। তাই তথ্য ব্যবস্থাপনা ও যাত্রী সমন্বয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
সূত্র: বাসস,
