লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চাঁদাবাজদের ঘুম হারাম: হাসনাত

প্রকাশিত: 08 জানুয়ারী 2026

39 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

চাঁদাবাজদের ঘুম অলরেডি হারাম হয়ে গেছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও বারো দলীয় জোটের কুমিল্লা চার আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শহীদ ওসমান হাদির রেখে যাওয়া কাজ বাস্তবায়নে তারা মাঠে নেমেছেন।

বৃহস্পতিবার ৮ জানুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর উত্তর ইউনিয়নের ধলাশ গ্রামে ভারতীয় আগ্রাসনবিরোধী পদযাত্রার অংশ হিসেবে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও মোনাজাতে এসব কথা বলেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, তারা কোনো উপায় না পেয়ে এখন ভোটারদের ভয়ভীতি দেখানো শুরু করেছে। ফোন করে মানুষকে হুমকি দেওয়া হচ্ছে কেন্দ্র দখল করবে, ভোট দিতে দেবে না, ভোটাধিকার কেড়ে নেবে। শহীদ ওসমান হাদি এই চাঁদাবাজি ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধেই অবস্থান নিয়েছিলেন। সে কারণেই তাকে বাঁচতে দেওয়া হয়নি। আমরা তার সেই অসমাপ্ত কাজ বাস্তবায়নে মাঠে নেমেছি।

তিনি আরও বলেন, যারা হোন্ডা আর গুণ্ডা দিয়ে ভয় দেখানোর রাজনীতি করছে, তাদের সাবধান হয়ে যেতে হবে। এই ধরনের রাজনীতি এখন আর চলে না। মানুষ এখন সচেতন, তারা ঋণখেলাপি কিংবা লুটপাটকারীদের ক্ষমতায় দেখতে চায় না।

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, যারা সংস্কার চান, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ চান, নিজের ভোট নিজে দিতে চান এবং ভারতীয় গুণ্ডামি বন্ধ দেখতে চান, তারা যেন হ্যাঁ ভোট দেন। এই হ্যাঁ ভোটেই আগামীর বাংলাদেশ গড়ে উঠবে।

ওসমান হাদির কথা স্মরণ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, তিনি মুড়ি আর বাতাসা নিয়ে সাধারণ মানুষের কাছে গিয়েছিলেন। তার লক্ষ্য ছিল ইনসাফ প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা। আজ গ্রামে গ্রামে মানুষ তার জন্য দোয়া করছে, আর সেই ইনসাফ প্রতিষ্ঠার দায়িত্ব আমরা গ্রহণ করেছি।

গুনাইঘর উত্তর ইউনিয়ন জামায়াতের আমির মো. জসিম উদ্দিন পাঠানের সভাপতিত্বে আয়োজিত এই দোয়া অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. নাঈম বিন মুসাসহ জামায়াত ও এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman