জামায়াতের সব ধরনের কর্মসূচি বর্জনের ঘোষণা এমআরএ এর
দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনার বিচার ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত না হলে জামায়াতে ইসলামীর সব ধরনের কর্মসূচি বর্জনের ঘোষণা দিয়েছে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (এমআরএ)।
মঙ্গলবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই ঘোষণা দেওয়া হয়। এতে বিভিন্ন গণমাধ্যমের মাল্টিমিডিয়া সাংবাদিকরা অংশ নেন।
সংগঠনটির সভাপতি ও দৈনিক ইত্তেফাকের মাল্টিমিডিয়া সাংবাদিক রবিউল ইসলাম বলেন, সাংবাদিকদের ওপর হামলা নতুন কোনো ঘটনা নয়। অতীতেও রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন। তিনি প্রশ্ন তোলেন, এই ধরনের সহিংসতার সংস্কৃতি আর কতদিন চলবে।
তিনি আরও বলেন, হামলার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার নিশ্চিত না হলে সংগঠনটি জামায়াতের সব কর্মসূচি বর্জন করবে।
মানববন্ধনে অন্য বক্তারা অভিযোগ করেন, ধানমন্ডি এলাকায় একটি রাজনৈতিক কর্মসূচির সময় সাংবাদিকরা দায়িত্ব পালনকালে হামলার শিকার হন। এ ঘটনায় কয়েকজন সাংবাদিক আহত হন।
তারা দাবি করেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রীয় ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন। একই সঙ্গে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকা সত্ত্বেও কার্যকর ভূমিকা না নেওয়ার বিষয়েও সমালোচনা করেন বক্তারা।
এদিকে ঘটনার পর জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে এবং অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
