দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে র্যাবের এক কর্মকর্তা নিহতের ঘটনায় সেখানে সব বাহিনীর সমন্বয়ে জোরালো কম্বাইন্ড অপারেশন চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের কাউকেই ছাড় দেওয়া হবে না, যত প্রভাবশালীই হোক না কেন।
মঙ্গলবার ২০ জানুয়ারি দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। ওই সংবাদ সম্মেলনে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি নিকার এর ১১৯তম সভা এবং অন্তর্বর্তী সরকারের প্রথম বৈঠকের বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, জঙ্গল সলিমপুরে সংঘটিত ঘটনাটি অত্যন্ত জঘন্য এবং সরকার এর তীব্র নিন্দা জানায়। তিনি জানান, ওই এলাকায় আরও জোরদার অভিযান পরিচালিত হবে। পুলিশ, র্যাব ও সেনাবাহিনী একসঙ্গে কম্বাইন্ড অপারেশনের মাধ্যমে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাবে।
বাহিনীর সদস্যদের মনোবলের ওপর এই ঘটনার কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, বরং এই ঘটনা বাহিনীর সদস্যদের দৃঢ়তা ও দায়িত্ববোধ আরও শক্তিশালী করবে।
উল্লেখ্য, সোমবার ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলার শিকার হন র্যাব সদস্যরা। গুলিতে নিহত হন র্যাব কর্মকর্তা মো. মোতালেব। দীর্ঘদিন ধরেই দুর্গম এই এলাকা পাহাড়খেকো, ভূমিদস্যু ও সশস্ত্র সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত, যেখানে নিয়মিত সংঘর্ষ ও অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
