দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলে সিআইডিকে সাত দিন সময় দিয়েছেন আদালত। বৃহস্পতিবার প্রতিবেদন জমার দিন থাকলেও তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা তা দাখিল করতে পারেননি।
ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সেফাতুল্লাহ আগামী ২৬ ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন বলে প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান জানিয়েছেন।
এর আগে গত ৬ জানুয়ারি ডিবি পুলিশ ১৭ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে। তবে অভিযোগপত্রে অসন্তোষ জানিয়ে মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের নারাজি দেন। পরে আদালত মামলাটি পুনঃতদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেন।
তদন্তভার পাওয়ার পর প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদকে গ্রেপ্তার করা হয়। দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ১২ ডিসেম্বর বিজয়নগরে গণসংযোগকালে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেলে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
ডিবির অভিযোগপত্রে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা এবং ত্রয়োদশ সংসদ নির্বাচনকে প্রভাবিত করার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়।
বিশ্লেষকদের মতে, বহুল আলোচিত এ মামলায় চূড়ান্ত তদন্ত প্রতিবেদন রাজনৈতিক ও আইনগতভাবে গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে।
