দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
অ্যামোনিয়ার সরবরাহ সংকটে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রাঙাদিয়া এলাকায় অবস্থিত ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এর উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মজুত অ্যামোনিয়া শেষ হয়ে গেলে কর্তৃপক্ষ কারখানার উৎপাদন সাময়িকভাবে স্থগিত করে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাঈনুল হক জানান, গত ৪ মার্চ থেকে নতুন করে অ্যামোনিয়া সরবরাহ পাওয়া যাচ্ছিল না। আগের মজুত দিয়ে প্রায় দেড় মাস উৎপাদন চালু রাখা হলেও শেষ পর্যন্ত তা শেষ হয়ে যাওয়ায় উৎপাদন বন্ধ করতে হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিএপি কারখানাটি মূলত চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড এবং কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড থেকে অ্যামোনিয়া সংগ্রহ করে। তবে গ্যাস সংকটের কারণে মার্চের শুরু থেকেই ওই দুটি কারখানায় উৎপাদন বন্ধ থাকায় অ্যামোনিয়া সরবরাহও বন্ধ হয়ে পড়ে।
ডিএপি কারখানাটি শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন এর নিয়ন্ত্রণাধীন একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। ২০০৬ সালে চালু হওয়া এই কারখানায় দুটি ইউনিট রয়েছে, প্রতিটির দৈনিক উৎপাদন সক্ষমতা প্রায় ৮০০ মেট্রিক টন।
দেশের কৃষিতে নাইট্রোজেন ও ফসফরাসসমৃদ্ধ যৌগিক সারের চাহিদা পূরণে এই কারখানার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উৎপাদন বন্ধ থাকায় আসন্ন মৌসুমে সারের সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
বিশেষজ্ঞদের মতে, গ্যাস সংকট ও কাঁচামাল নির্ভরতা দেশের শিল্পখাতের দুর্বলতা তুলে ধরছে। ডিএপি উৎপাদন দীর্ঘদিন বন্ধ থাকলে কৃষি উৎপাদন ব্যাহত হতে পারে, যা খাদ্য নিরাপত্তার ওপরও প্রভাব ফেলতে পারে।
