দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
জাতীয় ঐক্যের প্রতীক ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও সর্বোচ্চ সম্মান প্রদর্শনের অংশ হিসেবে আজ মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত এই শোক পালন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শোক পালন কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ জানুয়ারি ২০২৬, রবিবার সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে এক শোকসভা অনুষ্ঠিত হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
এই শোকসভা সফলভাবে আয়োজনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কমিটিটি অনুমোদন দিয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুস সালাম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. মহিউদ্দিন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, শোক পালনকালে ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, দোয়া ও স্মরণমূলক কর্মসূচি আয়োজনসহ সব কার্যক্রমে শালীনতা ও মর্যাদা রক্ষার নির্দেশনা দেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতীক। তাঁর মৃত্যুতে দেশ যে গভীর শূন্যতার মুখে পড়েছে, এই শোকসভা তারই প্রতিফলন।
