লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে বক্স অফিস আয়ের দৌড়ে এগিয়ে ‘দম’

প্রকাশিত: 28 মার্চ 2026

37 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

চলতি ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রগুলোর মধ্যে বক্স অফিস আয়ের দৌড়ে এগিয়ে রয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’। মুক্তির পর থেকেই দেশের মাল্টিপ্লেক্সগুলোতে টানা দর্শক উপস্থিতি ও হাউজফুল শোর মাধ্যমে নতুন রেকর্ড গড়েছে সিনেমাটি।

প্রেক্ষাগৃহ সংশ্লিষ্ট সূত্র ও বাংলাদেশ মুভি রিপোর্ট (বিএমআর) এর তথ্য অনুযায়ী, ২০২৬ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র হিসেবে মাল্টিপ্লেক্স থেকে ১ কোটি টাকার গ্রস আয় অতিক্রম করেছে ‘দম’। দর্শক আগ্রহের ধারাবাহিকতায় মুক্তির প্রথম পাঁচ দিনেই ছবিটির মোট মাল্টিপ্লেক্স গ্রস দাঁড়িয়েছে প্রায় ১.৬৭ কোটি টাকা।

মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করে ৩০ লাখ ৩৯ হাজার টাকা। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৩৪ লাখ ৭ হাজার টাকা এবং তৃতীয় দিনে আরও বৃদ্ধি পেয়ে হয় ৩৬ লাখ ৫২ হাজার টাকা। চতুর্থ দিনে আয়ের ধারা প্রায় স্থিতিশীল থাকলেও পঞ্চম দিনে কিছুটা কমে ৩২ লাখ ১৭ হাজার টাকায় নেমে আসে। তবে আয়ের সামান্য ওঠানামা সত্ত্বেও দর্শক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে স্থির রয়েছে।

বিএমআর জানায়, মুক্তির পঞ্চম দিনে স্টার সিনেপ্লেক্স ও লায়ন সিনেমাসে মোট ৩৩টি শো প্রদর্শিত হয়। এর মধ্যে ১৯টি শো ছিল সম্পূর্ণ হাউজফুল এবং আরও চারটি শো প্রায় পূর্ণ দর্শকে প্রদর্শিত হয়েছে। ধারাবাহিক এই দর্শক চাহিদাই সিনেমাটির শক্তিশালী বক্স অফিস পারফরম্যান্স নিশ্চিত করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

রেদওয়ান রনির পরিচালনায় নির্মিত ‘দম’ চলচ্চিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চৌধুরী ও ডলি জহুর। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম, সৈয়দ আহমেদ শাওকী, আল আমিন হাসান ও মো. সাইফুল্লাহ।

উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পাওয়া অন্যান্য আলোচিত সিনেমার মধ্যে শাকিব খানের ‘প্রিন্স’, সিয়াম আহমেদের ‘রাক্ষস’, চঞ্চল চৌধুরীর ‘বনলতা এক্সপ্রেস’ এবং বুবলী ও তুষির অভিনীত ‘প্রেশার কুকার’ থাকলেও আয় ও দর্শক চাহিদার বিচারে এগিয়ে রয়েছে ‘দম’।

মাল্টিপ্লেক্সভিত্তিক দর্শক বৃদ্ধি এবং মানসম্মত গল্পনির্ভর সিনেমার প্রতি আগ্রহ বাড়ায় দেশের চলচ্চিত্র বাজারে ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে। ‘দম’-এর সাফল্য ঈদকেন্দ্রিক সিনেমা ব্যবসায় নতুন প্রত্যাশা তৈরি করেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman