দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পুরো দেশকে লাল, হলুদ ও সবুজ তিনটি জোনে ভাগ করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন।
রোববার আগারগাঁও নির্বাচন ভবনে কমনওয়েলথ মহাসচিব শার্লি এয়ার্থ বোচওয়ের সঙ্গে বৈঠকের পর ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ঝুঁকির মাত্রা অনুযায়ী এই তিন রঙের জোন নির্ধারণ করা হবে এবং সে অনুযায়ী নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে কমনওয়েলথ মহাসচিব নির্বাচনী প্রস্তুতি, ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ এবং তথ্য বিকৃতি রোধে ইসির পদক্ষেপের প্রশংসা করেন। ৫৩ বছরের ইতিহাসে প্রথমবার প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্যোগকে তিনি ঐতিহাসিক বলে অভিহিত করেন। মহিলা ভোটারদের অংশগ্রহণের হার বৃদ্ধিতেও সন্তোষ প্রকাশ করেন তিনি।
কমনওয়েলথের ৫৬ সদস্য দেশের পক্ষ থেকে শার্লি বোচওয়ে বাংলাদেশকে নির্বাচনী যেকোনো সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে যুক্তরাজ্যের নির্বাচনী অভিজ্ঞতা কাজে লাগানোর প্রস্তাব করেন। তিনি নির্বাচনী প্রচারণায় সত্য তথ্য প্রচার ও জনগণের আস্থা অর্জনের ওপর জোর দেন। ইসি জানায়, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পেলে সুষ্ঠু নির্বাচন সম্ভব।
পাঁচ দিনের সফরে ঢাকায় আসা কমনওয়েলথ প্রতিনিধিদলের এই সফরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার বার্তা হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা।
