হস্তান্তর করা হলো চারটি মাছ ধরার ট্রলার
দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ভারতের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে আটক ৯১ জন বাংলাদেশি জেলে এবং জব্দ করা চারটি মাছ ধরার ট্রলার দেশে ফিরেছেন। বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে তাদের প্রত্যাবাসন সম্ভব হয়েছে।
সোমবার বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১৬ ও ১৭ ডিসেম্বর এবং ২০২৬ সালের ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি আন্তর্জাতিক সমুদ্রসীমার সংলগ্ন এলাকায় মাছ ধরার সময় ভারতীয় কোস্ট গার্ড এসব বাংলাদেশি জেলেকে আটক করে। একই সঙ্গে চারটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়।
পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের নিবিড় সমন্বয়ের মাধ্যমে জেলেদের প্রত্যাবাসনের বিষয়ে সমঝোতা হয়।

সেই সিদ্ধান্ত অনুযায়ী গত ৭ জুন আন্তর্জাতিক সমুদ্রসীমা রেখায় ভারতীয় কোস্ট গার্ড আনুষ্ঠানিকভাবে ৯১ জন জেলে ও চারটি ট্রলার বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে।
সোমবার দুপুর ১২টার দিকে মোংলা কোস্ট গার্ড ঘাঁটিতে জেলেদের এবং তাদের ট্রলারগুলো পরিবারের সদস্যদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বাংলাদেশ ও ভারতের কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সুসম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের কারণে এ ধরনের প্রত্যাবাসন কার্যক্রম আরও কার্যকর ও সহজ হয়েছে।
বাংলাদেশ কোস্ট গার্ডের কর্মকর্তা কমান্ডার শাহ কামরুজ্জামান বলেন, দেশের জেলেদের স্বার্থ রক্ষা এবং সমুদ্রে নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও কোস্ট গার্ড একই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
সাম্প্রতিক সময়ে সমুদ্রসীমা অতিক্রম, বৈরী আবহাওয়া এবং নৌযান চলাচল সংক্রান্ত বিভিন্ন কারণে দুই দেশের জেলেরা মাঝে মধ্যেই আটক হওয়ার ঘটনায় পড়েন। তবে কূটনৈতিক যোগাযোগ ও দ্বিপক্ষীয় সহযোগিতার মাধ্যমে অধিকাংশ ক্ষেত্রেই তাদের নিজ নিজ দেশে ফিরিয়ে দেওয়া হয়।

