লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সরকারি আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আফগান শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী: বাংলাদেশকে বিনিয়োগের আহ্বান

প্রকাশিত: 20 জানুয়ারী 2026

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশে প্রথমবারের মতো সরকারি সফরে এসে আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য উপমন্ত্রী আহমাদুল্লাহ জাহিদ দুই দেশের মধ্যে ব্যবসা ও বাণিজ্য বাড়ানোর ওপর জোর দিয়েছেন। ঢাকা ও কাবুলের বাণিজ্যিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে তিনি সরাসরি পণ্যবাহী উড়োজাহাজ চলাচল শুরু করার প্রস্তাব দিয়েছেন এবং বাংলাদেশি বিনিয়োগকারীদের আফগানিস্তানে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।

রোববার থেকে পাঁচ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ঢাকা সফররত আফগান উপমন্ত্রী ইতোমধ্যে বাণিজ্যসচিব মাহবুবুর রহমান ও রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফের সঙ্গে বৈঠক করেছেন। পাশাপাশি তিনি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে আয়োজিত একটি সেমিনারেও অংশ নেন।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, বৈঠকে আফগান উপমন্ত্রী শুল্কমুক্ত সুবিধাসহ একটি সম্ভাব্য বাণিজ্যচুক্তির বিষয়টি উত্থাপন করেন। তিনি বিশেষভাবে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে ওষুধ আমদানিতে আগ্রহ প্রকাশ করেন। আগামী বুধবার তিনি স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও রেনাটা ফার্মাসিউটিক্যালস পরিদর্শন করে ওষুধ আমদানির সক্ষমতা ও প্রক্রিয়া সম্পর্কে জানবেন বলে খসড়া সূচিতে উল্লেখ রয়েছে।

ইপিবির তথ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশ ও আফগানিস্তানের দ্বিপক্ষীয় বাণিজ্যের প্রায় ৯০ শতাংশই বাংলাদেশের ওষুধনির্ভর। যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে স্বাস্থ্যখাতে চাহিদা বাড়ায় এই খাতে বাংলাদেশের ভূমিকা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আফগান উপমন্ত্রী প্রস্তাব দেন, কাবুল থেকে ঢাকায় ফলমূল পরিবহন এবং ফিরতি ফ্লাইটে বাংলাদেশি ওষুধ পাঠানোর ব্যবস্থা চালু করা যেতে পারে। এতে উভয় দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিশ্লেষকদের মতে, ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর এটিই আফগানিস্তান থেকে প্রথম উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের ঢাকা সফর, যা দক্ষিণ এশিয়ায় নতুন বাণিজ্যিক সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman