দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
নাটোরের লালপুর উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুম বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে সমাজ ও রাষ্ট্র পরিচালনায় যোগ্য ও সৎ মানুষের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বিএনপি মনোনীত নাটোর–১ আসনের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
মঙ্গলবার ২০ জানুয়ারি দুপুরে গোপালপুর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যারিস্টার পুতুল। বক্তব্যে তিনি বলেন, সমাজকে যদি সত্যিকার অর্থে ভালো রাখতে চান, তাহলে আগে ভালো মানুষ বেছে নিতে হবে। যোগ্য নেতৃত্ব ছাড়া সমাজ কখনো সুস্থ ও ন্যায়ভিত্তিক হতে পারে না। এখনই যোগ্য মানুষ খুঁজে নেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও ন্যায়বিচারের জন্য আজীবন সংগ্রাম করেছেন। তাঁর আদর্শ থেকে শিক্ষা নিয়ে সমাজে ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক সচেতনতা ও সঠিক সিদ্ধান্ত জরুরি।
দোয়া মাহফিলে মরহুম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে লালপুর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন লালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মুলাম, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিস্টু, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুজ্জামান লিটনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিল ঘিরে স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উপস্থিতি ও আবেগ লক্ষ্য করা যায়।
