দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে আগামী ১২ জানুয়ারি ঢাকায় আসছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তাঁর ঢাকায় আগমনের বিষয়টি অন্তর্বর্তী সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, মঙ্গলবার ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক ও রাষ্ট্রাচার প্রধান মো. নুরল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে নতুন রাষ্ট্রদূতের যোগদান সংক্রান্ত বিষয়টি অবহিত করেন।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। কূটনৈতিক অঙ্গনে তিনি একজন পরিচিত মুখ। যুক্তরাষ্ট্রের ফরেন সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রিস্টেনসেন এর আগেও ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করেছেন। তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা ও কূটনৈতিক পরিবেশ সম্পর্কে তাঁর প্রত্যক্ষ অভিজ্ঞতা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ঢাকায় সর্বশেষ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন পিটার হাস। তিনি ২০২২ সালের মার্চ থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৭তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
নতুন রাষ্ট্রদূতের যোগদানের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক সম্পর্কের পরবর্তী ধাপ কীভাবে এগোয়, সেদিকে নজর থাকবে কূটনৈতিক মহলের।
