দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক প্রেস কনফারেন্স থেকে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে তিন দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, অতীতের মতো বিচারহীনতার সংস্কৃতি চলতে দেওয়া হলে রাষ্ট্র ও সমাজের জন্য তা হবে ভয়াবহ।
ঘোষিত দাবিগুলোর প্রথমটিতে বলা হয়, জুলাই আগস্টের মামলাগুলোতে যেন কোনোভাবেই অপরাধীরা জামিন, অব্যাহতি কিংবা খালাস না পায়, সে বিষয়টি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। আন্দোলনকারীদের মতে, এসব হত্যাকাণ্ড রাষ্ট্রীয় ও সংগঠিত সহিংসতার অংশ ছিল, তাই এখানে দায়মুক্তির সুযোগ থাকা চলবে না।
দ্বিতীয় দাবিতে বলা হয়, শুধু সরাসরি হত্যায় জড়িতরাই নয়, বরং যারা এই হত্যাকাণ্ডকে নানাভাবে ফ্যাসিলিটেড করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। এর মধ্যে প্রভাবশালী ব্যবসায়ী, সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা এবং পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রসিকিউশনের মাধ্যমে বিচারিক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
তৃতীয় দাবিতে সংগঠনটি জানায়, সারাদেশে সংঘটিত জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত টিম গঠন করতে হবে। পাশাপাশি এসব মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা একটি স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের আহ্বান জানানো হয়।
প্রেস কনফারেন্সে বক্তারা বলেন, জুলাই আগস্টের ঘটনা কোনো বিচ্ছিন্ন সহিংসতা নয়, এটি একটি পরিকল্পিত দমন অভিযানের অংশ। এসব ঘটনার বিচার নিশ্চিত করা না গেলে ভবিষ্যতে রাষ্ট্রীয় সহিংসতা আরও উৎসাহিত হবে। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
