দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইন্দো প্যাসিফিক অঞ্চলে জ্বালানি নিরাপত্তা জোরদার, টেকসই সরবরাহ ব্যবস্থা গড়ে তোলা এবং আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে জাপানের রাজধানী টোকিওতে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘ইন্দো প্যাসিফিক এনার্জি সিকিউরিটি মিনিস্টেরিয়াল অ্যান্ড বিজনেস ফোরাম’। ১৪ থেকে ১৫ মার্চ অনুষ্ঠিত এই উচ্চপর্যায়ের আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে বাংলাদেশ থেকে সফর করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
ফোরামটি যৌথভাবে আয়োজন করেছে ইউএস ন্যাশনাল এনার্জি কাউন্সিল এবং মিনিস্ট্রি অব একোমোনি, ট্রেড এন্ড ইন্ডাস্ট্রি। আয়োজকদের মধ্যে রয়েছেন কাউন্সিলের চেয়ারম্যান ও মার্কিন স্বরাষ্ট্র সচিব ডগ বার্গাম, ভাইস চেয়ারম্যান ও মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী আকাজওয়া রায়সেই।
গুরুত্বপূর্ণ এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ কোরিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের জ্বালানি মন্ত্রীরা অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, তিমুর লিস্তে ও ভিয়েতনাম।
ফোরামে অংশগ্রহণকারী মন্ত্রীরা ইন্দো প্যাসিফিক অঞ্চলে একটি শক্তিশালী, নির্ভরযোগ্য ও স্থিতিশীল জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার কৌশল নিয়ে আলোচনা করবেন। দ্রুত সরবরাহযোগ্য, সাশ্রয়ী ও নিরাপদ জ্বালানি নিশ্চিত করা, জ্বালানি অবকাঠামো উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারই আলোচনার মূল বিষয়।
ফোরামের আনুষ্ঠানিক কর্মসূচির পাশাপাশি বাংলাদেশের জ্বালানি মন্ত্রীর যুক্তরাষ্ট্র, জাপান ও ব্রুনাইসহ সংশ্লিষ্ট দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকের সম্ভাবনা রয়েছে। এছাড়া আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করবেন তিনি। এসব বৈঠকের লক্ষ্য বাংলাদেশের জ্বালানি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা বৃদ্ধি এবং টেকসই জ্বালানি উন্নয়নে নতুন অংশীদারিত্ব খুঁজে বের করা।
বিশ্লেষকদের মতে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের অংশগ্রহণ ভবিষ্যৎ জ্বালানি বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
