লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

প্রকাশিত: 14 মার্চ 2026

104 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল ধর্মাবলম্বীর জন্য শান্তিপূর্ণ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ধর্ম, বিশ্বাস বা মতভেদ নির্বিশেষে সবাইকে একসঙ্গে নিয়ে এগোনোর মধ্যেই বাংলাদেশের ঐতিহ্য নিহিত রয়েছে।

শনিবার সকাল সোয়া ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন এ ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েত ও বৌদ্ধ ধর্মীয় নেতাদের সম্মানী প্রদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “মুসলমান, হিন্দু, বৌদ্ধ কিংবা খ্রিষ্টান, বিশ্বাসী বা সংশয়বাদী সবাই মিলেই আমরা ভালো থাকবো। কেউ যেন বিভেদ সৃষ্টি করতে না পারে।” অনুষ্ঠানে বগুড়ার বায়তুল রহমান সেন্ট্রাল মসজিদের ইমামের হাতে সম্মানীর চেক তুলে দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত ব্যাংক হিসাবে সম্মানীর অর্থ পাঠানো হয়।

সরকারের নতুন আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় প্রথম পর্যায়ে ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির ও ১৪৪টি বৌদ্ধ বিহারের মোট ১৬ হাজার ৯৯২ জন ধর্মীয় নেতা মাসিক সম্মানী পাচ্ছেন বলে জানান প্রধানমন্ত্রী। পর্যায়ক্রমে সারা দেশের প্রয়োজনীয় ব্যক্তিদের এ কর্মসূচির আওতায় আনা হবে।

তিনি বলেন, নাগরিকদের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্র শক্তিশালী হতে পারে না। আগামী দশকে স্বনির্ভর বাংলাদেশ গড়তে নাগরিকদের নিজ নিজ দায়িত্ব পালনের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

ধর্মীয় মূল্যবোধকে সামাজিক স্থিতি ও নৈতিক উন্নয়নের ভিত্তি হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী সহিংসতা ও প্রতিহিংসামুক্ত সমাজ গঠনে ধর্মীয় নেতাদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman