লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঈদযাত্রায় বিশেষ লঞ্চ সার্ভিস চালু

প্রকাশিত: 14 মার্চ 2026

43 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

আসন্ন পবিত্র ঈদ উল ফিতর ২০২৬ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় নৌযাত্রা নিশ্চিত করতে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সদরঘাটে অতিরিক্ত যাত্রী চাপ কমাতে রাজধানীর বছিলা ও পূর্বাচল এলাকার বিকল্প ঘাট ব্যবহার করা হবে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আগামী ১৭ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা ব্রিজ সংলগ্ন লঞ্চঘাট থেকে ৬টি এবং পূর্বাচল কাঞ্চন ব্রিজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে ৩টি লঞ্চ বিশেষ সার্ভিসে চলাচল করবে। এসব লঞ্চ বিভিন্ন নৌপথে শরীয়তপুর, চাঁদপুর, ইলিশা, গলাচিপা ও বরিশালসহ দক্ষিণাঞ্চলের গন্তব্যে যাত্রী পরিবহন করবে।

বছিলা ঘাট থেকে সকাল ৭টা থেকে বিকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত ধাপে ধাপে লঞ্চ ছেড়ে যাবে। অন্যদিকে শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে সকাল ৮টা ও ৯টায় চাঁদপুরগামী এবং সকাল ৮টায় বরিশালগামী লঞ্চ চলবে। বরিশাল থেকে একই লঞ্চ সন্ধ্যা ৭টায় শিমুলিয়ার উদ্দেশে ফিরবে।

ঈদযাত্রায় যাত্রীসেবার মান বাড়াতে অতিরিক্ত কিছু সুবিধাও চালু করা হয়েছে। আগামী ১৭ থেকে ২৮ মার্চ পর্যন্ত ১২ দিন ঢাকা নদী বন্দর (সদরঘাট) এলাকায় প্রবীণ ও নারী যাত্রীদের ব্যক্তিগত মালামাল বহনে বিনামূল্যে কুলি সেবা দেওয়া হবে। পাশাপাশি অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য সদরঘাট ও বরিশাল নদী বন্দরে হুইলচেয়ার সেবা থাকবে।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প ঘাট ব্যবহারের মাধ্যমে এবারের ঈদযাত্রা আরও সুশৃঙ্খল ও নিরাপদ হবে বলে আশা করা হচ্ছে। যাত্রীদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman