লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় ফের পদ্মায় পড়ল বাস, উদ্ধার হল প্রায় আড়াই ঘন্টা পর

প্রকাশিত: 05 জুন 2026

4 Views

The Civilians News

যথাসময়ে যাত্রী নামিয়ে দেওয়ায় রক্ষা পেল ৩৭ প্রাণ

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে গেছে। তবে ফেরিতে ওঠার আগে সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

শুক্রবার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস ৭ নম্বর ফেরিঘাট এলাকায় কে-টাইপ ফেরি করবীতে ওঠার সময় র‍্যাম ভেঙে নদীতে পড়ে যায়। পরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের উদ্ধারকারী জাহাজ হামজা প্রায় আড়াই ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে দুপুর ১২টার দিকে বাসটি নদী থেকে তুলে আনে।

দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিলেন না। ফেরিতে ওঠার আগে নৌ পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের বাস থেকে নামিয়ে দেয়। বাসের চালক ঝন্টু আলী ও তাঁর সহকারী বাসের ভেতরে ছিলেন। তারা জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

চিকিৎসাধীন অবস্থায় চালক ঝন্টু আলী জানান, কুষ্টিয়ার মদনপুর থেকে ৩৭ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছিলেন। দৌলতদিয়া ঘাটে পৌঁছানোর পর নিয়ম অনুযায়ী যাত্রীদের বাস থেকে নামতে বলা হয়। এরপর ফেরিতে ওঠার সময় হঠাৎ বাসের ব্রেক কাজ না করায় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ফেরির র‍্যামে আঘাত করে এবং নদীতে পড়ে যায়।

বাসটির এক যাত্রী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক আবদুস সালাম বলেন, প্রথমে অনেক যাত্রী বাস থেকে নামতে অনীহা প্রকাশ করেছিলেন। পরে নৌ পুলিশের তৎপরতায় সবাই নেমে যান। কয়েক সেকেন্ডের মধ্যেই বাসটি নদীতে পড়ে যায়। যাত্রীদের নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত বহু মানুষের জীবন রক্ষা করেছে বলে তিনি মন্তব্য করেন।

নদী থেকে বাসটি উদ্ধারের পর ভেতরে থাকা যাত্রীদের ব্যাগ ও অন্যান্য মালামাল বের করা হয়। জেলা প্রশাসন জানিয়েছে, যথাযথ প্রমাণ যাচাই করে মালামাল মালিকদের কাছে ফেরত দেওয়া হবে।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, ফেরিতে যানবাহন ওঠানোর আগে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিয়ম কঠোরভাবে অনুসরণ করায় এ দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সকাল সাড়ে ৯টার দিকে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের পন্টুনে কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের একটি বাস পদ্মা নদীতে পড়ে যায়। চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি সরাসরি নদীতে ছিটকে পড়ে।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শুরু করে। সকাল সাড়ে ১০টায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছায় এবং সাড়ে ১১টার দিকে বাসটি উদ্ধার করা হয়।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, পন্টুন থেকে ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারান।

রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ থেকে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ একই দৌলতদিয়া ঘাটে একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে গেলে ২৬ জন যাত্রী প্রাণ হারান। সেই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন, এবার নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করায় বড় ধরনের দুর্ঘটনা থেকেও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman