লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বুড়িমারী সীমান্তে ভারতীয় সামরিক নজরদারী ড্রোন উদ্ধার

প্রকাশিত: 05 মে 2026

54 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত এলাকায় ভুট্টাখেত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর একটি ড্রোন উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৫ মে) দুপুরে শূন্যরেখার কাছাকাছি বাংলাদেশ অংশে পড়ে থাকা অবস্থায় ড্রোনটি জব্দ করা হয়।

সীমান্ত সূত্রে জানা যায়, ৮৪১ নম্বর প্রধান পিলারের উপপিলার ৮ সংলগ্ন এলাকায় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধা অংশের বিপরীতে বাংলাদেশের পাটগ্রামের মুগলিবাড়ী সীমান্ত অবস্থিত। দুপুর সাড়ে ১২টার দিকে বিএসএফের একটি টহল দল ড্রোন উড়িয়ে সীমান্ত এলাকায় নজরদারি চালায়। একপর্যায়ে ড্রোনটি নিয়ন্ত্রণ হারিয়ে শব্দ করে ভুট্টাখেতে আছড়ে পড়ে।

ঘটনার সময় আশপাশে অবস্থানরত কৃষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পকে জানালে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রোনটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

বিজিবির এক কর্মকর্তা জানান, উদ্ধার করা ড্রোনটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে সংশ্লিষ্ট বিএসএফ ক্যাম্প থেকে যোগাযোগ করে ড্রোনটির বিষয়ে জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনীম। তিনি বলেন, বিষয়টি দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আনুষ্ঠানিকভাবে সমন্বয়ের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনাটি সম্পর্কে তারা অবগত হয়েছেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

বিশ্লেষকদের মতে, সীমান্ত এলাকায় এ ধরনের ড্রোন উড্ডয়ন নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করতে পারে, বিশেষ করে কৃষিপ্রধান এলাকায় যেখানে সাধারণ মানুষ সরাসরি প্রভাবিত হন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman