দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
২০২৬ সালের জন্য জাতিসংঘের শান্তি বিনির্মাণ কমিশনের পিসবিল্ডিং কমিশন পিবিসির সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে কমিশনের পাঁচ সদস্যবিশিষ্ট ব্যুরোর নির্বাচন অনুষ্ঠিত হয়।
পিসবিল্ডিং কমিশনের ২০তম অধিবেশনের প্রথম সভায় মরক্কোকে সভাপতি এবং বাংলাদেশসহ জার্মানি, ব্রাজিল ও ক্রোয়েশিয়াকে সহসভাপতি হিসেবে নির্বাচিত করা হয়। এক সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নবনির্বাচিত সহসভাপতির দায়িত্ব গ্রহণ করে বাংলাদেশ।
পিসবিল্ডিং কমিশন একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা, যা সংঘাত-পরবর্তী দেশগুলোতে টেকসই শান্তি প্রতিষ্ঠা ও স্থিতিশীলতা রক্ষায় জাতিসংঘকে নীতিগত পরামর্শ দিয়ে থাকে। জাতিসংঘ সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং জাতিসংঘে শীর্ষ সৈন্য ও অর্থ প্রদানকারী দেশগুলোর মধ্য থেকে নির্বাচিত মোট ৩১টি সদস্য রাষ্ট্র নিয়ে এই কমিশন গঠিত।
২০০৫ সালে কমিশনটি প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশ এর সক্রিয় সদস্য হিসেবে যুক্ত রয়েছে। এর আগে বাংলাদেশ ২০১২ ও ২০২২ সালে পিসবিল্ডিং কমিশনের সভাপতি এবং ২০১৩ ও ২০২৩ সালে সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছে। ধারাবাহিক এই নেতৃত্বমূলক ভূমিকা জাতিসংঘ শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণ কার্যক্রমে বাংলাদেশের দীর্ঘদিনের অবদানকেই প্রতিফলিত করে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
২০তম অধিবেশনের উদ্বোধনী সভায় জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির প্রতিনিধি এবং মহাসচিবের পক্ষে তাঁর চিফ অব স্টাফ উপস্থিত ছিলেন। তাঁরা পিসবিল্ডিং কমিশনের কার্যকারিতা, সংঘাত প্রতিরোধ এবং শান্তি টিকিয়ে রাখার ক্ষেত্রে এর গুরুত্ব তুলে ধরেন।
এ উপলক্ষে এক বিবৃতিতে বাংলাদেশ প্রতিনিধিদল এই গুরুত্বপূর্ণ দায়িত্বে আস্থা রাখার জন্য কমিশনের সদস্য দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানায়। একই সঙ্গে বৈশ্বিক শান্তি বিনির্মাণ প্রচেষ্টা জোরদার করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।
