লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সোমালিয়ার সার্বভৌমত্বে বাংলাদেশের দৃঢ় অবস্থান: ‘সোমালিল্যান্ড’ স্বীকৃতির সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান

প্রকাশিত: 11 জানুয়ারী 2026

35 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থার ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে ইসরাইলের তথাকথিত ‘সোমালিল্যান্ড’ স্বীকৃতির সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানাতে সংস্থাটির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

রোববার (১১ জানুয়ারি) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ২২তম জরুরি অধিবেশনে বাংলাদেশের পক্ষে বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা, সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান এবং মুসলিম বিশ্বের ঐক্য ও সংহতি রক্ষায় বাংলাদেশ ওআইসির সম্মিলিত অবস্থানের সঙ্গে সম্পূর্ণভাবে একাত্ম।

এই জরুরি অধিবেশন আহ্বান করা হয় ইসরাইলের সাম্প্রতিক সিদ্ধান্ত এবং এর ফলে ফেডারেল রিপাবলিক অব সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য ও ভৌগোলিক অখণ্ডতার ওপর সম্ভাব্য প্রভাব নিয়ে আলোচনা করতে। বৈঠকে বিষয়টির আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিণতিও গুরুত্বের সঙ্গে বিবেচিত হয়।

মো. তৌহিদ হোসেন তার বক্তব্যে ওআইসিকে ইসরাইলের সিদ্ধান্ত স্পষ্টভাবে প্রত্যাখ্যান ও নিন্দা জানানোর আহ্বান জানান। একই সঙ্গে তিনি সর্বোচ্চ দৃঢ়তার সঙ্গে সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সংস্থাটির পূর্ণ ও অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করার অনুরোধ করেন।

তিনি আরও বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কোনোভাবেই আলোচনার বিষয় হতে পারে না। অবৈধ উদ্যোগ বা একতরফা সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলেও তিনি জোর দেন। ন্যায়বিচার, আন্তর্জাতিক আইন ও বহুপাক্ষিকতাই জবরদস্তি ও একতরফাবাদের ওপর প্রাধান্য পাবে বলে মন্তব্য করেন তিনি।

এর আগে একই দিনে ওআইসির জরুরি অধিবেশনের প্রস্তুতিমূলক সিনিয়র কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বিপুল সংখ্যক সদস্য রাষ্ট্রের প্রতিনিধি অংশ নেন এবং ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত সংহতি পুনর্ব্যক্ত করা হয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman