দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে হলে বাংলাদেশকে ভারতে গিয়েই খেলতে হবে। তবে এই সিদ্ধান্ত মানতে রাজি নয় বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। নিরাপত্তাশঙ্কার কারণে ভেন্যু পরিবর্তন না হলে এবারের বিশ্বকাপে না খেলার সিদ্ধান্তেই অটল রয়েছে বাংলাদেশ। বিষয়টি এখন চূড়ান্ত বলেই জানিয়েছে সংশ্লিষ্ট মহল।
আইসিসির সিদ্ধান্তের পর সরকারের সঙ্গে আলোচনার জন্য ২৪ ঘণ্টা সময় চেয়েছিল বিসিবি। কিন্তু সেই সময় পার হলেও বাংলাদেশের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। গতকাল বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিশ্বকাপ দলে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল সাংবাদিকদের বলেন, আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই। আইসিসি ভেন্যু না বদলালে বাংলাদেশ ভারতে গিয়ে খেলবে না।
এর মধ্যেই নিজেদের অবস্থান জানিয়ে আইসিসিকে আবারও ই-মেইল পাঠিয়েছে বিসিবি। সেখানে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবিটি আইসিসির স্বাধীন ডিসপিউট রেজোল্যুশন কমিটির কাছে পাঠানোর অনুরোধ করা হয়েছে। এই কমিটি আইসিসির বিভিন্ন বিতর্কিত বিষয় স্বাধীনভাবে নিষ্পত্তি করে থাকে।
আইসিসি এখনো এ বিষয়ে নতুন করে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইও শুরু থেকেই নীরব ভূমিকা পালন করছে। এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার কথা আগামী ৭ ফেব্রুয়ারি। টুর্নামেন্টের প্রথম পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ছিল ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।
ক্রীড়া উপদেষ্টা জানান, কোন পরিস্থিতিতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ক্রিকেটারদের বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। ক্রিকেটাররাও সরকারের সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করেননি। তারা জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে মাঠে নামা তাদের দায়িত্ব হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সরকার ও বিসিবির।
এর আগে নিরাপত্তা হুমকির কারণে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়। সরকারের মতে, ভারতের নিরাপত্তা পরিস্থিতির কোনো দৃশ্যমান উন্নতি হয়নি। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, বাংলাদেশ খেলতে প্রস্তুত, তবে ম্যাচগুলো শ্রীলঙ্কায় আয়োজনের দাবিতে লড়াই চালিয়ে যাওয়া হবে।
