দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল ও ইউরেনিয়াম কেনার অভিযোগে ভারত, চীন ও ব্রাজিলের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের প্রস্তাবে সম্মতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের প্রভাবশালী সদস্য লিন্ডসে গ্রাহাম এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন।
গ্রাহাম জানান, রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের যৌথ উদ্যোগে তৈরি গ্রাহাম ব্লুমেন্থাল নিষেধাজ্ঞা বিল নিয়ে বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠকেই প্রেসিডেন্ট এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন বলে দাবি করেন গ্রাহাম।
বিলটিতে বলা হয়েছে, যেসব দেশ জেনেশুনে রাশিয়া থেকে উল্লেখযোগ্য পরিমাণে তেল, গ্যাস, ইউরেনিয়াম কিংবা অন্যান্য কৌশলগত পণ্য কিনে মস্কোর যুদ্ধ সক্ষমতাকে জোরদার করছে, তাদের বিরুদ্ধে দ্বিতীয় স্তরের নিষেধাজ্ঞা আরোপ করা হবে। এর আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে ওইসব দেশের পণ্যের ওপর কমপক্ষে ৫০০ শতাংশ শুল্ক বসানোর ক্ষমতা পাবেন মার্কিন প্রেসিডেন্ট।
বর্তমানে যুক্তরাষ্ট্র ভারত ও ব্রাজিলের ওপর ৫০ শতাংশ এবং চীনের ওপর ৩০ শতাংশ পর্যন্ত রপ্তানি শুল্ক আরোপ করে রেখেছে। নতুন বিলটি পাস হলে এই শুল্ক বহুগুণ বাড়তে পারে। গ্রাহামের ভাষায়, ইউক্রেন শান্তির জন্য ছাড় দিচ্ছে কিন্তু রাশিয়া এখনও হামলা চালিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করাই বিলটির মূল উদ্দেশ্য।
গ্রাহাম আরও বলেন, আগামী সপ্তাহেই এই বিলের ওপর কংগ্রেসে ভোটগ্রহণ শুরু হতে পারে। যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন প্রক্রিয়া অনুযায়ী, আগে প্রতিনিধি পরিষদে এবং পরে সিনেটে বিলটি পাস হতে হবে। উভয় কক্ষের অনুমোদনের পর প্রেসিডেন্টের স্বাক্ষরে এটি আইনে পরিণত হবে।
বিশ্লেষকদের মতে, এই বিল কার্যকর হলে ভারত, চীন ও ব্রাজিলের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও কূটনৈতিক সম্পর্কে নতুন করে চাপ সৃষ্টি হতে পারে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
