লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

প্রকাশিত: 23 জুন 2026

16 Views

The Civilians News

জলবায়ু ও বিনিয়োগে সহযোগিতার আলোচনা

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টায় দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাতে আলোইস জভিংগি দায়িত্ব গ্রহণের জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলা, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো, বিশেষ করে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিতে আক্রান্ত ডেল্টা অঞ্চলের রাষ্ট্রগুলোর জন্য সমন্বিত আন্তর্জাতিক উদ্যোগ জরুরি।

তিনি বাংলাদেশের চলমান পরিবেশগত কর্মসূচির কথা তুলে ধরেন। এর মধ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল পুনঃখনন এবং বন্যা ঝুঁকি কমাতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, নবায়নযোগ্য জ্বালানি খাতে সৌরবিদ্যুৎ উৎপাদনে কর সুবিধা দেওয়া হচ্ছে এবং ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডব্লিউইএফ প্রেসিডেন্ট আলোইস জভিংগি বাংলাদেশের জলবায়ু সহনশীলতা ও উন্নয়ন কার্যক্রমকে আন্তর্জাতিক সহযোগিতা ও বিনিয়োগের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এসব উদ্যোগ বৈশ্বিক অর্থায়নকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াবে।

বৈঠকে তিনি বাংলাদেশের উত্থাপিত বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান। পাশাপাশি প্রধানমন্ত্রীকে সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ডব্লিউইএফ বার্ষিক সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

 

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman