দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬ : জামায়াতে ইসলামীর নায়েবে আমীরের করা অভিযোগকে রাজনৈতিক অপপ্রচার হিসেবে দেখছে বিএনপি। ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন চুক্তি হয়েছে, এমন বক্তব্যের নূন্যতম বাস্তবতা বা প্রমাণ নেই বলে দাবি করেছে দলটি।
শনিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদী আমীন।
তিনি বলেন, জামায়াতে ইসলামীর একজন প্রভাবশালী নেতা মিডিয়ার বরাতে যে অভিযোগ তুলেছেন, তার পক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি এবং পারবেনও না। কারণ, যেসব তথ্যের কথা বলা হচ্ছে, তার কোনো সত্যতা বা বাস্তব ভিত্তি নেই। বিএনপির মতে, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্ক তৈরির অপকৌশল কিংবা ভুল তথ্যের ভিত্তিতে দেওয়া বক্তব্য।
মাহাদী আমীন বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা মানে ইতিবাচক রাজনীতি। অপপ্রচার, বিভ্রান্তি কিংবা অপরাজনীতি সেই চেতনার সঙ্গে সাংঘর্ষিক। তিনি দাবি করেন, বিএনপির রাজনীতি সবসময় বাংলাদেশপন্থি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের ক্ষমতায়নই রাজনীতির কেন্দ্রবিন্দু।
ভারতের সঙ্গে সম্পর্ক ও জাতীয় স্বার্থ প্রসঙ্গে তিনি বলেন, তিস্তা ও পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে বিএনপি ধারাবাহিক আন্দোলন করেছে। সীমান্তে ফেলানি হত্যাকাণ্ডের পর সর্বপ্রথম রাজপথে নেমে প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে নতজানু পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে এসে আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়াই শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ।
সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন উপলক্ষে বিএনপির ইলেকশন হটলাইনের কথাও জানান মাহাদী আমীন। তিনি বলেন, ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ, নির্বাচন সংক্রান্ত আইন ও নির্দেশিকা জানানো এবং অভিযোগ গ্রহণের জন্য বিএনপি চালু করেছে হটলাইন ১৬৫৪৩ এবং হোয়াটসঅ্যাপ নম্বর ০১৮০৬৯৭৭৫৭৭। ইতিমধ্যেই বহু মানুষ এসব হটলাইনের মাধ্যমে সেবা পেয়েছেন বলে জানান তিনি।
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড প্রসঙ্গে মাহাদী আমীন সতর্ক করে বলেন, একটি প্রতারক চক্র এসব কার্ড দেওয়ার নামে কিছু এলাকায় টাকা আদায়ের চেষ্টা করছে। বিএনপি ক্ষমতায় এলে এসব কার্ড সম্পূর্ণ বিনামূল্যে এবং রাষ্ট্রীয় উদ্যোগে প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দেওয়া হবে। এ বিষয়ে কেউ অর্থ চাইলে তা জানাতে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে তিনি নাগরিকদের প্রতি আহ্বান জানান।
