লোড হচ্ছে...
লোড হচ্ছে...

অনলাইন জুয়ার অভিযোগে ভাটারা থানার ওসি বদলি

প্রকাশিত: 18 মার্চ 2026

90 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

অনলাইন জুয়ার সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ ওঠার পর রাজধানীর ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমাউল হককে দায়িত্ব থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডেভেলপমেন্ট বিভাগে বদলি করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়। তবে আদেশে বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে অভিযোগটি সামনে আনেন। সেখানে দাবি করা হয়, ওসি ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং নম্বরে অস্বাভাবিক আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

পোস্টে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে, যার বড় অংশ অনলাইন জুয়ার পেছনে ব্যয় করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিভিন্ন মোবাইল ব্যাংকিং নম্বর, এজেন্ট দোকান ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এসব টাকা তার নম্বরে এসেছে বলে দাবি করা হয়।

অভিযোগ অনুযায়ী, এপিআই সিস্টেম ব্যবহার করে অনলাইন জুয়ার প্ল্যাটফর্মে অর্থ স্থানান্তর করা হয়েছে বলেও উল্লেখ করা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ইমাউল হক দাবি করেছেন, তার মোবাইল ফোন হ্যাক করা হয়েছিল এবং অনলাইন জুয়ার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এ ঘটনায় তিনি ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলে জানিয়েছেন।

ঘটনাটি নিয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে কি না, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman