দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
নিজের বক্তব্য ও আচরণে অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য ক্ষমা চেয়ে ভবিষ্যতে অপ্রয়োজনীয় মন্তব্য থেকে বিরত থাকার অঙ্গীকার করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দুঃখপ্রকাশ করেন এবং আরও দায়িত্বশীল রাজনৈতিক আচরণের প্রতিশ্রুতি দেন।
পোস্টে তিনি লেখেন, তার কোনো কথা বা কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। তিনি বলেন, মানুষের দোয়া, ভালোবাসা ও পরামর্শই তার রাজনৈতিক পথচলার শক্তি।

নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, সাম্প্রতিক সময়ে বয়োজ্যেষ্ঠ রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি এবং সহযোদ্ধাদের সঙ্গে আলোচনায় তিনি ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় বক্তব্য পরিহার এবং গঠনমূলক রাজনীতিতে মনোযোগ দেওয়ার পরামর্শ পেয়েছেন। তিনি এসব পরামর্শ গ্রহণ করে আরও শান্ত ও দায়িত্বশীলভাবে রাজনীতি করার চেষ্টা করবেন বলেও উল্লেখ করেন।
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের গড়া দল এনসিপির এই নেতা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার পর বিভিন্ন বক্তব্যের কারণে আলোচনায় আসেন। বিশেষ করে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাসকে নিয়ে তার আক্রমণাত্মক মন্তব্য রাজনৈতিক অঙ্গনে সমালোচনার জন্ম দেয়।
এদিকে রমজানের শেষভাগে নফল ইবাদতে মনোনিবেশ করার কথাও জানিয়েছেন তিনি। দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
