লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিপিএল এর শিরোপা উঠেছে রাজশাহীর ঘরে

প্রকাশিত: 24 জানুয়ারী 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মিরপুর, ২৩ জানুয়ারি ২০২৬ : শিরোপা নির্ধারণী ফাইনালে উত্তেজনার বদলে একপেশে আধিপত্য দেখিয়ে বিপিএলের শিরোপা জিতে নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম রয়্যালসকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে নিজেদের ইতিহাসে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো নাজমুল হোসেন শান্তর দল।

টস জিতে রাজশাহীকে ব্যাট করতে পাঠায় চট্টগ্রাম। শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করে রাজশাহী। ওপেনিং জুটিতে তানজিদ হাসান তামিম ও সাহিবজাদা ফারহান যোগ করেন ৮৩ রান। ফারহান ৩০ বলে ৩০ রান করে আউট হলেও একপ্রান্ত আগলে রাখেন তানজিদ। পরে কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে আরও ৪৭ রান যোগ করেন তিনি।

ব্যক্তিগত ফিফটির পর সেঞ্চুরির দেখা পান তানজিদ। ৬২ বলে ১০০ রানের অনবদ্য ইনিংসে ছিল ছয়টি চার ও সাতটি ছক্কা। বিপিএলের ইতিহাসে ফাইনালে এটি তানজিদের স্মরণীয় সেঞ্চুরি। নির্ধারিত ২০ ওভারে রাজশাহী তোলে ১৭৪ রান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম রয়্যালস। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দলটি দ্রুতই ম্যাচ থেকে ছিটকে পড়ে। মির্জা বেগ ৩৯ রান করলেও অন্য ব্যাটাররা ব্যর্থ হন। শেষ পর্যন্ত চট্টগ্রামের ইনিংস থামে মাত্র ১১১ রানে।

রাজশাহীর পক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন বিনুরা ফার্নান্দো। ৩ ওভারে ৯ রান দিয়ে নেন চার উইকেট। হাসান মুরাদ তিনটি, জিমি নিশাম দুটি এবং আব্দুল গাফফার সাকলাইন একটি উইকেট নেন।

এই জয়ের মাধ্যমে রাজশাহী ওয়ারিয়র্স বিপিএলের ইতিহাসে দ্বিতীয়বারের মতো শিরোপা নিজেদের ঘরে তুললো।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman