লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ফুটবলকে বিদায় জানালেন ব্রাজিলিয়ান তারকা অস্কার

প্রকাশিত: 06 এপ্রিল 2026

16 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মাত্র ৩৪ বছর বয়সেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার ডস সান্তোস। দীর্ঘদিন হৃদরোগজনিত জটিলতায় ভোগার পর চিকিৎসকদের পরামর্শেই ক্যারিয়ার শেষ করার কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সাও পাওলো এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।

গত বছরের নভেম্বরে নিয়মিত ফিটনেস পরীক্ষার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অস্কার। পরে তার শরীরে ‘ভাসোভাগাল সিনকোপ’ শনাক্ত হয়, যা হঠাৎ অজ্ঞান হয়ে যাওয়ার একটি শারীরিক সমস্যা। চিকিৎসার অংশ হিসেবে অস্ত্রোপচার করা হলেও পুরোপুরি প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে আসা সম্ভব হয়নি।

সাও পাওলোর সঙ্গে তার চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সাল পর্যন্ত। তবুও শারীরিক ঝুঁকি বিবেচনায় আগেভাগেই অবসর নিতে বাধ্য হন এই অ্যাটাকিং মিডফিল্ডার। ক্লাবের মাধ্যমে দেওয়া বার্তায় অস্কার জানান, তিনি আরও কিছু বছর খেলতে চেয়েছিলেন, তবে স্বাস্থ্যই এখন প্রধান অগ্রাধিকার। ভবিষ্যতে সমর্থক হিসেবে ক্লাবের পাশে থাকার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।

ক্লাব ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত অধ্যায় ছিল ইংলিশ ক্লাব চেলসিতে। ২০১২ সালে যোগ দিয়ে ইউরোপা লিগ শিরোপা জয়ের পাশাপাশি দুইবার ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের স্বাদ পান তিনি। পরে ২০১৬ সালে বড় অঙ্কের ট্রান্সফারে চীনা সুপার লিগে যোগ দিয়ে এশিয়ান ফুটবলেও গুরুত্বপূর্ণ প্রভাব রাখেন এবং একাধিক লিগ শিরোপা জেতেন।

ব্রাজিল জাতীয় দলের জার্সিতে অস্কার খেলেছেন ৪৮ ম্যাচ, করেছেন ১২ গোল। সম্ভাবনাময় শুরু হলেও ২০১৫ সালের পর জাতীয় দলে আর নিয়মিত দেখা যায়নি তাকে।

স্বাস্থ্যগত সীমাবদ্ধতার কাছে হার মেনে বিদায় নিলেও সৃজনশীল পাস, দূরপাল্লার শট এবং মাঠে শান্ত নেতৃত্বের জন্য ফুটবলভক্তদের স্মৃতিতে জায়গা করে থাকবেন অস্কার।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman