দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইরানে সামরিক হামলা নিয়ে দীর্ঘদিনের বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। তার দাবি, ইসরায়েল এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র এর একাধিক প্রশাসনের ওপর ইরানে হামলার জন্য চাপ প্রয়োগ করেছিলেন, তবে বেশিরভাগ প্রেসিডেন্ট এতে সম্মত হননি।
মার্কিন গণমাধ্যমের এক অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে কেরি বলেন, তিনি নিজে এমন একাধিক বৈঠকে উপস্থিত ছিলেন যেখানে নেতানিয়াহু সরাসরি ইরানে সামরিক অভিযান চালানোর প্রস্তাব দেন। তার ভাষ্য অনুযায়ী, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জো বাইডেন এবং জর্জ ডব্লিউ বুশ কেউই এই প্রস্তাবে রাজি হননি।
তবে কেরির দাবি, একমাত্র সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রস্তাবে সম্মতি দেন। তিনি জানান, নেতানিয়াহু একটি চার দফা পরিকল্পনা উপস্থাপন করেছিলেন যেখানে বলা হয়, হামলার মাধ্যমে ইরানের নেতৃত্ব দুর্বল করা, সরকার পরিবর্তনের সুযোগ তৈরি এবং সামরিক সক্ষমতা ধ্বংস করা সম্ভব হতে পারে।
এদিকে আনাদুলু এজেন্সী সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরান এর বিরুদ্ধে সামরিক অভিযান চালায়। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ কয়েকজন শীর্ষ ব্যক্তির নিহত হওয়ার দাবি করা হয়, যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
এই ঘটনার জবাবে ইরান ইসরায়েল, জর্ডান, ইরাক এবং উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাশাপাশি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সীমিত করে দেয়।
পরবর্তীতে পাকিস্তান, তুরস্ক, চীন, সৌদি আরব ও মিসর এর মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। প্রায় ৪০ দিনের সংঘাত শেষে দুই পক্ষ স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে আলোচনায় বসতে সম্মত হয়েছে।
ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতিতে প্রশাসনভেদে বড় পার্থক্য রয়েছে। সামরিক পদক্ষেপের ঝুঁকি ও কূটনৈতিক সমাধানের দ্বন্দ্ব এখনো এই অঞ্চলের রাজনীতিকে অনিশ্চয়তার মধ্যে রেখেছে।
