লোড হচ্ছে...
লোড হচ্ছে...

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

প্রকাশিত: 14 ফেব্রুয়ারী 2026

24 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি বিপুল জনসমর্থন পেয়েছে, যা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি উল্লেখ করেন, জনগণের এই রায় সাংবিধানিক প্রক্রিয়া ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতাকে আরও শক্তিশালী করবে।

বার্তায় তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী দৃষ্টিভঙ্গির প্রতি আস্থা প্রকাশ করেন। তিনি বলেন, তার নেতৃত্বে দেশ স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এগিয়ে যাবে।

প্রধান উপদেষ্টা তারেক রহমানের পিতা জিয়াউর রহমান–এর রাষ্ট্রদর্শন এবং মাতা খালেদা জিয়া–এর গণতন্ত্রের প্রতি অঙ্গীকারের কথাও স্মরণ করেন। তিনি আশা প্রকাশ করেন, তাদের আদর্শ ভবিষ্যৎ নেতৃত্বে ইতিবাচক প্রভাব রাখবে।

ড. ইউনূস বলেন, বাংলাদেশ বর্তমানে অর্থনৈতিক রূপান্তর, প্রযুক্তিগত অগ্রগতি, জলবায়ু সহনশীলতা ও আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে নতুন সম্ভাবনার মুখোমুখি। এসব ক্ষেত্রে সমন্বিত ও দূরদর্শী নেতৃত্ব প্রয়োজন।

অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালনের সময় সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, সংবেদনশীল এই সময়ে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা ও সাংবিধানিক প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাশীল থাকা জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ ছিল।

বার্তার শেষে দেশের মানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমৃদ্ধ বাংলাদেশ গঠনে তারেক রহমানের সাফল্য কামনা করেন প্রধান উপদেষ্টা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman