লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত শিশু হুজাইফা আফনান চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে

প্রকাশিত: 11 জানুয়ারী 2026

26 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

মিয়ানমারের ভেতরে চলমান সশস্ত্র সংঘাতের প্রভাব আবারও বাংলাদেশের সীমান্ত এলাকায় এসে পড়েছে। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে গুরুতর আহত শিশু আফনান (১২) বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

আহত শিশুটির নাম হুজাইফা আফনান, বয়স ১২ বছর। সে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের বাসিন্দা এবং স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন জানিয়েছেন, শিশুটির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। রোববার বিকেল সাড়ে চারটার দিকে তাকে হাসপাতালে আনা হয় এবং তাৎক্ষণিকভাবে আইসিইউতে ভর্তি করা হয়।

পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, রোববার সকাল ১০টার দিকে কক্সবাজার টেকনাফ মহাসড়ক সংলগ্ন হোয়াইক্যাং তেচ্ছিব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। মিয়ানমারের অভ্যন্তরে দুটি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীর মধ্যে চলমান সংঘর্ষের সময় ছোড়া গুলির একটি বাংলাদেশ সীমান্ত এলাকায় এসে লাগে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় হুজাইফা।

প্রথমে তাকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

স্থানীয়রা জানান, সীমান্তের ওপারে সংঘাত বাড়লে প্রায়ই গুলি ও মর্টারের শব্দ শোনা যায়। এতে সীমান্ত এলাকার সাধারণ মানুষ, বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এই ঘটনায় সীমান্ত নিরাপত্তা ও বেসামরিক মানুষের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman