দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রবিবার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইয়ার ইয়াবসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে প্রধান উপদেষ্টা আশ্বস্ত করেছেন, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পূর্ণ ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রফেসর ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন পুরোপুরিভাবে প্রস্তুত এবং সব রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে। তিনি ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছেন তাদের পর্যবেক্ষক মিশন পাঠানোর জন্য, যা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টা আরও জানিয়েছেন, ঝুঁকিপূর্ণ ভোটিং সেন্টারগুলোতে বডি অর্ন ক্যামেরা থাকবে, সিসিটিভি থাকবে এবং সিকিউরিটি ফোর্স কেন্দ্রীয়ভাবে মনিটর করবে। প্রয়োজনে দ্রুত র্যাপিড রেসপন্স স্ট্রাইকিং ফোর্স ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া, তিনি ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছেন যে, অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচেতনতা তৈরি করছে এবং আইনি পরামর্শ অনুযায়ী এ ধরনের প্রচারণায় কোনো প্রতিবন্ধকতা নেই। সাক্ষাতকালে নির্বাচন বা কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ নিয়ে কোনো আলোচনা হয়নি; আলোচ্য বিষয় ছিল শুধুমাত্র গণভোট।
প্রধান উপদেষ্টা বলেছেন, দেশের সব এলাকায় নির্বাচনের প্রস্তুতি জোরদার হচ্ছে এবং জানুয়ারির ২২ তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা দেশজুড়ে সব সেন্টার মনিটর করবেন, বড় রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন এবং অন্যান্য স্টেকহোল্ডারদের সঙ্গে সংলাপ করবেন।
