দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বাংলাদেশের রাজনীতিতে ‘দিল্লির দাস’ হিসেবে পরিচিত কোনো দলের বক্তব্যের কোনো গুরুত্ব নেই বলে মন্তব্য করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, জাতীয় পার্টি বা এ ধরনের দলের বক্তব্যে দেশের রাজনীতি প্রভাবিত হয় না।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাতীয় পার্টির নির্বাচন নিয়ে আপত্তি এবং সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, জামায়াত, বিএনপি ও এনসিপিসহ দেশের সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে রয়েছে। দিল্লির আশ্রয়ে থাকা কোনো দল কী বলল বা না বলল, তাতে দেশের মানুষের কিছু যায় আসে না।
এনসিপির রাজনৈতিক কর্মসূচি সম্পর্কে তিনি জানান, সংস্কারের পক্ষে জনমত গড়ে তুলতে সারাদেশে পদযাত্রা কর্মসূচি শুরু করেছে দলটি। সেই কর্মসূচির অংশ হিসেবেই রংপুর সফরে এসে প্রথমে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা হয়েছে। তিনি বলেন, এনসিপি ৩০টি আসনে প্রার্থী দিলেও বাকি ২৭০ আসনে গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে অ্যাম্বাসেডর নিয়োগ করেছে। ফলে তিনশ আসনেই দলটির নির্বাচনি কার্যক্রম চলছে।
নির্বাচনে সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসিফ মাহমুদ বলেন, একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার চেষ্টা লক্ষ করা যাচ্ছে। সম্প্রতি জামায়াতে ইসলামী বাংলাদেশের এক উপজেলা সেক্রেটারিকে হত্যার ঘটনা ঘটেছে, যা গভীর উদ্বেগজনক। এসব বিষয় এনসিপি সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। যদি ষড়যন্ত্রমূলক নির্বাচন আয়োজনের চেষ্টা করা হয়, তাহলে তা প্রতিরোধ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন, যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা দিনা ও সাকিব মাহদী, মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাতসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
