লোড হচ্ছে...
লোড হচ্ছে...

DNCC প্রশাসক এজাজের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

প্রকাশিত: 01 ফেব্রুয়ারী 2026

42 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশে যাতায়াতে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি ও ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক মো. আশিকুর রহমানের দাখিল করা আবেদনে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন সংশ্লিষ্ট বিভিন্ন প্রকল্প ও কার্যক্রমে অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ লেনদেনের অভিযোগে মোহাম্মদ এজাজ বর্তমানে তদন্তের আওতায় রয়েছেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে মিরপুর–গাবতলী গরুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বনানী কিচেন মার্কেটের দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং এলাকায় দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি করপোরেশনের ভ্যান সার্ভিস এবং ফুটপাথে দোকান বরাদ্দ সংক্রান্ত অনিয়ম।

এ ছাড়া বোরাক টাওয়ার বা হোটেল শেরাটনের নিয়ন্ত্রণ গ্রহণ সংক্রান্ত অভিযোগও তদন্তাধীন রয়েছে বলে দুদক জানিয়েছে। আবেদনে উল্লেখ করা হয়, তদন্তের অংশ হিসেবে এজাজকে বক্তব্য দেওয়ার জন্য নোটিশ দেওয়া হলেও তিনি হাজির হননি।

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, মোহাম্মদ এজাজ দেশ ছাড়তে পারেন এবং বিদেশে আত্মগোপনে যাওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতেই তার বিদেশযাত্রা বন্ধ করা জরুরি।

উল্লেখ্য, গত বছরের ২৭ নভেম্বর মোহাম্মদ এজাজের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শুরু করে দুদক। অন্তর্বর্তী সরকারের আমলে গত বছরের ১২ ফেব্রুয়ারি তাকে এক বছরের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman