লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ধীরগতি, বাড়তি ভাড়ার অভিযোগ

প্রকাশিত: 18 মার্চ 2026

40 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের চাপ বাড়লেও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এবার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি। তবে সড়কের বিভিন্ন অংশে যানবাহন ধীরগতিতে চলায় যাত্রীদের ভোগান্তি পুরোপুরি কমেনি। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগও উঠেছে পরিবহনগুলোর বিরুদ্ধে।

বুধবার সকাল থেকে ময়মনসিংহের ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি, সিডস্টোর বাজার বাসস্ট্যান্ড ও ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় সীমিত যানজট দেখা যায়। সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের অন্যান্য অংশে যান চলাচল স্বাভাবিক থাকলেও যানবাহনের অতিরিক্ত চাপের কারণে গাড়িগুলো ধীরগতিতে চলেছে। অনেক যাত্রীকে ট্রাক, মিনি ট্রাক ও পিকআপভ্যানে করেও গন্তব্যে যেতে দেখা গেছে।

স্থানীয়রা জানান, ভালুকা উপজেলা শিল্পাঞ্চল হওয়ায় ধাপে ধাপে কারখানাগুলোতে ঈদের ছুটি শুরু হয়েছে। ফলে শ্রমিকদের ঘরমুখো চাপ আরও বাড়ার আশঙ্কা রয়েছে, যা আগামী দিনগুলোতে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি করতে পারে।

ঢাকা থেকে শেরপুরগামী যাত্রী শান্ত আহমেদ অভিযোগ করেন, স্বাভাবিক সময়ের তুলনায় দুই থেকে তিনগুণ বেশি ভাড়া নেওয়া হলেও ঈদে পরিবারের সঙ্গে থাকতে বাধ্য হয়ে বাড়ি ফিরছেন। অন্যদিকে ময়মনসিংহগামী যাত্রী সাইফুল বলেন, পথে যেখানে সেখানে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করায় যাত্রা দীর্ঘ ও ক্লান্তিকর হয়ে উঠছে।

যানজট নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা দেখা গেছে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। ভরাডোবা হাইওয়ে থানার ওসি ইসতিয়াক আহমেদ জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ভোর থেকেই পুলিশ মাঠে কাজ করছে এবং স্বেচ্ছাসেবকরাও সহায়তা করছেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman