লোড হচ্ছে...
লোড হচ্ছে...

মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রের স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন, আড়াই ঘণ্টায় নিয়ন্ত্রণ

প্রকাশিত: 13 জানুয়ারী 2026

30 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত মাতারবাড়ী তাপবিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ১২ জানুয়ারি দিবাগত রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুৎকেন্দ্রের টাউনশিপ সংলগ্ন স্ক্র্যাপ ইয়ার্ডে আগুনের সূত্রপাত হয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

মহেশখালী ও চকরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাতের দিকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি কিছুটা জটিল হয়ে ওঠে। তবে দীর্ঘ সময় ধরে পানি ছিটিয়ে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন বহু দূর থেকে দেখা যাচ্ছিল। আগুনের লেলিহান শিখা দেখে বিদ্যুৎ প্রকল্প সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘটনাস্থলের আশপাশে জড়ো হন। তবে বিদ্যুৎ প্রকল্প এলাকায় কড়াকড়ি নিরাপত্তা থাকায় সাধারণ মানুষ ভেতরে প্রবেশ করতে পারেননি।

এ কারণে আগুনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত শুরু করা হয়েছে।

বঙ্গোপসাগরের কূলঘেঁষে মাতারবাড়ীতে নির্মিত এই তাপবিদ্যুৎকেন্দ্রটি ১ হাজার ২০০ মেগাওয়াট উৎপাদনক্ষমতাসম্পন্ন একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। দেশের বিদ্যুৎ উৎপাদনে এটি একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman