দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
কৃষি উৎপাদন সচল রাখতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আগামী ১ মে থেকে গ্যাস সরবরাহ শুরু হবে বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে এক আলোচনায় তিনি এ তথ্য দেন।
মন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদনে কিছুটা ক্ষতি হলেও দেশের কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে বন্ধ থাকা সার কারখানাটি পুনরায় চালু হলে মাঠপর্যায়ে সারের সরবরাহ বাড়বে বলে আশা করা হচ্ছে।
সংসদ সদস্য রুমিন ফারহানা তার প্রস্তাবে বলেন, গ্যাস সংকটের কারণে শুধু শিল্প নয়, আবাসিক এলাকাতেও সরবরাহ কমে গেছে। তিনি আশুগঞ্জ কারখানাটি দ্রুত চালুর দাবি জানান। জবাবে মন্ত্রী জানান, ২০১৬ সাল থেকে দেশে গ্যাস ঘাটতি দেখা দেওয়ার পর থেকেই সরবরাহে চাপ তৈরি হয়েছে। বর্তমানে বিদ্যমান সংযোগগুলোতেও গ্যাসের চাপ কম থাকায় পূর্ণ সক্ষমতায় সরবরাহ সম্ভব হচ্ছে না।
সরকারি উদ্যোগের অংশ হিসেবে রাষ্ট্রীয় সংস্থা বাপেক্সকে শক্তিশালী করে নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। সফল অনুসন্ধান হলে ভবিষ্যতে শিল্প ও আবাসিক খাতে গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন।
অন্যদিকে রুমিন ফারহানা জানান, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রে নতুন গভীর কূপ খনন শুরু হয়েছে, যেখান থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, আশুগঞ্জ কারখানা চালু হলে চলমান সার সংকট কিছুটা কমতে পারে। তবে জ্বালানি সরবরাহের ভারসাম্য বজায় রাখা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
