লোড হচ্ছে...
লোড হচ্ছে...

হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এনসিপি নেতারা

প্রকাশিত: 29 নভেম্বর 2025

531 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ফুসফুসের সংক্রমণ ও হৃদরোগের জটিলতায় চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘অত্যান্ত জটিল’। শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা তাঁর খোঁজ নিতে হাসপাতালে যান এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।

এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ দলটির প্রতিনিধি হিসেবে হাসপাতালে যান। সাক্ষাৎ শেষে দুপুর ১২টার দিকে গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে ডা. তাসনিম জারা বলেন, “বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। তার অবস্থা ক্রিটিক্যাল। তবে তিনি সজ্ঞান ও সজাগ আছেন। ডাক্তার ও নার্সদের নির্দেশনা ফলো করতে পারছেন। সবার কাছে তার জন্য দোয়ার আবেদন থাকবে।”

দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ যোগ করেন, “খালেদা জিয়া চিকিৎসা করাতে গিয়েও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। আমাদের চাওয়া, তিনি যেন হাসিনার ফাঁসি দেখতে পারেন। সেই দোয়া করবেন।”

মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “খালেদা জিয়ার অবস্থা ক্রিটিক্যাল, আগের মতোই আছে। তবে তিনি ডাক্তারদের নির্দেশনা অনুসরণ করতে পারছেন। এখন আমাদের করণীয় শুধু দোয়া করা।”

সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সাধারণ নাগরিকরা ভয়-সংশয় প্রকাশ করে দোয়া কামনায় পোস্ট করছেন। ফেসবুক ও এক্সে #খালেদাজিয়া, #দোয়াখালেদা হ্যাশট্যাগ ট্রেন্ড করছে।

সারাদেশে বেগম জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল চলছে দল মত নির্বিশেষে। এই ভয়-সংশয়ের মধ্যেও খালেদা জিয়ার প্রতি জনগণের ভালোবাসা স্পষ্ট হয়ে উঠেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman