দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
১৭ নভেম্বর ২০২৫, সোমবার বিকেলে রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্র আন্দোলনের নেতা ও এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত হয়ে থাকবে এবং এই রায়কে আগামী এক মাসের মধ্যেই এই রায় কার্যকর করতে হবে।
তিনি স্পষ্ট করে বলেছেন, শুধু শেখ হাসিনা নয়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ আওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগের সব ফ্যাসিস্ট নেতা-কর্মী এবং যেসব পুলিশ-প্রশাসনের কর্মকর্তা ২০২৪-এর জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত, তাদের সবাইকে দ্রুত বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি কার্যকর করতে হবে।
নাহিদ আরও বলেছেন, যেদিন তিনি নিজের জীবদ্দশায় শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলতে দেখবেন, সেদিনই জুলাই বিপ্লবের শহীদ আবু সাঈদ সহ হাজারো শহীদের আত্মা এবং তাদের পরিবার শান্তি পাবে।
তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, অবিলম্বে ভারতে অবস্থানরত শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে হবে এবং ভারত সফররত নিরাপ্ত্তা উপদেষ্টাকে অনুরোধ করেছেন শেখ হাসিনাকে তাঁর সঙ্গে নিয়েই ফিরতে হবে।
নাহিদের ভাষ্য, ব্যক্তি শেখ হাসিনার বিচার হয়েছে, এখন দল হিসেবে পুরো আওয়ামীলীগেরও মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করতে হবে। শহীদদের রক্তের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না, এই বার্তাই আজ তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছেন।
