দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঘোড়ার মাংস ক্রয় বিক্রয় রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছে পরিবেশ ও প্রাণিকল্যাণভিত্তিক সংগঠন ‘সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ’। সংগঠনটির দাবি, দেশে গরুর মাংসের মূল্য বৃদ্ধির সুযোগ নিয়ে একটি সংঘবদ্ধ চক্র অসুস্থ, মুমূর্ষ বা মৃত ঘোড়ার মাংস গোপনে গরু বা ছাগলের মাংস হিসেবে বিক্রি করছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
সংগঠনের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রাণিকল্যাণকর্মী, শিক্ষাবিদ, গবেষক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। বক্তারা বলেন, প্রাণিকল্যাণ আইন ২০১৯, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনসহ বিদ্যমান আইনগুলোর যথাযথ প্রয়োগ না থাকায় অসাধু চক্র বারবার একই অপরাধে জড়িয়ে পড়ছে।
বক্তাদের দাবি, বিশ্বের বহু দেশ জনস্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় ঘোড়া জবাই ও এর মাংস বিক্রয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। বাংলাদেশেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, ঘোড়ার মাংসে বিভিন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়া ও পরজীবী থাকার ঝুঁকি রয়েছে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। বিশেষ করে সালমোনেলা ও ট্রাইচিনেলা সংক্রমণের আশঙ্কা খাদ্যবাহিত রোগের কারণ হতে পারে। এছাড়া ঘোড়ার চিকিৎসায় ব্যবহৃত কিছু ওষুধ, যেমন ফেনাইলবিউটাজোন, মানুষের জন্য নিরাপদ নয় এবং তা মানবদেহে গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে দাবি করেন তারা।
বক্তাদের মতে, বাণিজ্যিক বা রেসের ঘোড়ায় ব্যবহৃত স্টেরয়েড ও বিভিন্ন ওষুধের অবশিষ্টাংশ মাংসের মাধ্যমে মানবদেহে প্রবেশ করলে দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। এ কারণে ঘোড়ার মাংস সম্পূর্ণভাবে নিষিদ্ধ করার পাশাপাশি বাজার তদারকি জোরদারের দাবি জানান অংশগ্রহণকারীরা।
মানববন্ধন থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়, যাতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয় এবং ভোক্তারা প্রতারণার শিকার না হন।
