লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে তলব

প্রকাশিত: 15 ডিসেম্বর 2025

45 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টা করছেন, এমন অভিযোগে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার ১৪ ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ভারতে অবস্থানরত শেখ হাসিনা নিয়মিতভাবে উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন, যা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য গুরুতর হুমকি হিসেবে দেখা হচ্ছে। এ সময় এসব বিষয়ে ভারত সরকারের কাছে গভীর উদ্বেগের কথা তুলে ধরা হয়।

তলবকালে বাংলাদেশ সরকার শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আদালতের দেওয়া দণ্ডের মুখোমুখি করতে দ্রুত দেশে প্রত্যর্পণের আহ্বান জানায়। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতা শরিফ ওসমান হাদির ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনায় জড়িত সন্দেহভাজনরা যেন পালিয়ে ভারতে আশ্রয় না নিতে পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা চাওয়া হয়।

এর কয়েক ঘণ্টার মধ্যেই বাংলাদেশের অভিযোগ প্রত্যাখ্যান করে একটি বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রকাশিত প্রেস নোটে উত্থাপিত দাবিগুলো ভারত দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছে। ভারত দাবি করে, বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি, আইনশৃঙ্খলা ও একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পক্ষে তাদের অবস্থান আগেও ছিল এবং এখনও আছে।

ভারতের পক্ষ থেকে আরও বলা হয়, বাংলাদেশের জনগণের স্বার্থবিরোধী কোনো কার্যক্রমে ভারতীয় ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হয়নি। একই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি অবস্থান বাংলাদেশ ভারত সম্পর্কের মধ্যে চলমান রাজনৈতিক টানাপড়েনকে আরও স্পষ্ট করে তুলেছে, যা আসন্ন নির্বাচন ঘিরে আঞ্চলিক কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman