দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে ড্রোন হামলায় ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পাকিস্তান। একই সঙ্গে হামলার তীব্র নিন্দা জানিয়ে এটিকে যুদ্ধাপরাধের শামিল বলে উল্লেখ করেছে দেশটি।
রোববার ১৪ ডিসেম্বর জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী মিশনের এক বিবৃতিতে বলা হয়, সুদানের কাদুগলি এলাকায় জাতিসংঘের অন্তর্বর্তী নিরাপত্তা বাহিনী ইউএনআইএসএফএর ঘাঁটিতে চালানো হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আরও কয়েকজন আহত হয়েছেন। পাকিস্তান শান্তির সেবায় তাদের সর্বোচ্চ আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে।
বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর এ ধরনের জঘন্য হামলা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের সমান। এই ভয়াবহ ঘটনার জন্য দায়ীদের দ্রুত চিহ্নিত করে বিচারের আওতায় আনার আহ্বান জানায় পাকিস্তান। একটি প্রধান শান্তিরক্ষী সেনা প্রেরণকারী দেশ হিসেবে বিশ্বজুড়ে ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাজ করা সব ব্লু হেলমেটের প্রতি সংহতি প্রকাশ করে ইসলামাবাদ।
আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানে দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে চলমান পূর্ণাঙ্গ সংঘর্ষের প্রেক্ষাপটেই এই হামলার ঘটনা ঘটে। ২০১৯ সালে দীর্ঘদিনের শাসক ওমর আল বশির ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশটি ক্রমাগত অস্থিরতার মধ্যে রয়েছে, যা পরে গৃহযুদ্ধে রূপ নেয়।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এই শোকবার্তা শুধু মানবিক সংহতির বহিঃপ্রকাশ নয়, বরং সাম্প্রতিক সময়ে ঢাকা ইসলামাবাদ সম্পর্কের উষ্ণতার ইঙ্গিতও বহন করছে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক পুনর্বিন্যাসের প্রেক্ষাপটে দুই দেশের পারস্পরিক অবস্থান নতুন করে গুরুত্ব পাচ্ছে।
