দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছিল বলে দাবি করেছেন এক ঊর্ধ্বতন ইরানি কর্মকর্তা। তবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে যুদ্ধবিরতি ও উত্তেজনা কমানোর প্রস্তাব পৌঁছায়। কিন্তু নিজের প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক বৈঠকেই মোজতবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নেন এবং ‘প্রতিশোধমূলক’ নীতিতে অনড় থাকার ইঙ্গিত দেন। বৈঠকে তিনি সরাসরি উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত করা যায়নি।
সম্প্রতি প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির পর দায়িত্ব গ্রহণ করেন মোজতবা খামেনি। নতুন নেতৃত্বের প্রতি পূর্ণ আনুগত্য ঘোষণা করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এক বিবৃতিতে বাহিনীটি জানায়, সর্বোচ্চ নেতার সব নির্দেশ বাস্তবায়নে তারা প্রস্তুত।
এদিকে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই ইরানের শীর্ষ নিরাপত্তা নেতৃত্বকে লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলি লারিজানি ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। একই সঙ্গে বাসিজ মিলিশিয়ার প্রধান গোলামরেজা সোলেইমানিকেও হত্যার দাবি করা হয়েছে। তবে এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি তেহরান।
বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যানের মাধ্যমে ইরান সংঘাত দীর্ঘায়িত হওয়ার ঝুঁকি বাড়ালেও অভ্যন্তরীণ রাজনৈতিক সংহতি বজায় রাখার বার্তা দিতে চাইছে।
