লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ইরান এর প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে

প্রকাশিত: 10 এপ্রিল 2026

15 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় অংশ নিতে পাকিস্তানের ইসলামাবাদে পৌঁছেছে ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বরাতে জানা গেছে, প্রতিনিধিদলটি আলোচনার সম্ভাব্য কাঠামো ও যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে বসতে পারে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আলোচনায় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারও অংশ নিতে পারেন বলে জানা গেছে।

তবে এখনো দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক শান্তি আলোচনা শুরু হবে কি না, তা নিশ্চিত নয়। মূল জটিলতা তৈরি হয়েছে লেবানন ইস্যুকে কেন্দ্র করে। ইরান বলছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হলে প্রথমে লেবাননসহ সব ফ্রন্টে হামলা বন্ধ করতে হবে।

এর আগে ৭ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয় বলে দাবি করা হয়। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তখন জানান, এই যুদ্ধবিরতির আওতায় লেবাননকেও অন্তর্ভুক্ত করা হবে। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েক ঘণ্টার মধ্যেই সেই দাবি প্রত্যাখ্যান করেন। এরপর লেবাননে একাধিক হামলার ঘটনা ঘটে, যাতে ব্যাপক প্রাণহানির খবর আসে।

বর্তমান পরিস্থিতিতে ইসলামাবাদে সম্ভাব্য এই আলোচনা ঘিরে কূটনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, লেবানন ইস্যু সমাধান না হলে যুক্তরাষ্ট্র ইরান সংলাপ এগোনো কঠিন হতে পারে।


আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman